সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যান ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুর্ঘটনাকবলিত পিকআপের চালক মো. গিয়াস উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই গাড়ির হেলপার মাহাবুব হোসেন (১৮)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই সড়কের অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকা অবাক হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. গিয়াস উদ্দিন (৪৫) জেলার সাটুরিয়া উপজেলা উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইরগামী একটি ডাম্পট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। আশপাশের লোকজন ছুটে এসে আহত হেলপার মাহাবুব হোসেনকে (১৮) উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল শুরু করে।
সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
