বায়ার্নকে হারিয়ে সুপার কাপ বরুসিয়ার

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:২৬

জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে ষষ্ঠ জার্মান সুপার কাপ ঘরে তুলল বরুসিয়া ডর্টমুন্ড। গত শনিবার বরুসিয়ার মাঠ সিগন্যাল ইদুনা পার্কের ম্যাচে প্রথমার্ধে দুই দলই বেশ আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল। কিন্তু গোলরক্ষকদের বীরত্বে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে বরুসিয়ার ইংলিশ উইঙ্গার জ্যাডন সাঞ্চোর বাড়ানো বল থেকে স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসার গোল করলে এগিয়ে যায় স্বাগতিক দলটি। এরপর ম্যাচের ৬৯ মিনিটে সাঞ্চোর গোলেই জয় নিশ্চিত হয় গেল মৌসুমের জার্মান রানার্স আপদের। এর ফলে টানা চতুর্থ জার্মান সুপার কাপ শিরোপা জয় থেকে বঞ্চিত হলো বায়ার্ন মিউনিখ।