সাকিবের কেস ফাইল যাচ্ছে সরকারের কাছে 

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২২

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি তার জাতীয় দলে ফেরার বিষয়ে জোরালো আলোচনা হয়। এরই মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাকিবকে নিয়ে এর আগে ইতিবাচক মনোভাব দেখানোয় আবারও তার ফেরার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন সাকিব। এতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়। তবে সেই গুঞ্জনটি উড়িয়ে দেন সাকিব।

সাকিবকে দেশের ফেরানোর প্রক্রিয়া থেমে নেই। বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন প্রক্রিয়া চলমান আছে। এছাড়া সাকিবের সঙ্গে তার নিয়মিত কথা হচ্ছে। 

বিসিবি পরিচালক আসিফ আকবর

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক টক শো-তে আসিফ আকবর বলেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সবশেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানেও কথা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সবার সম্মতিক্রমে আমরা সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।’ 

সাকিবের বিরুদ্ধে পুরোনো মামলা ও আইনি বিষয় নিয়ে আসিফ বলেন, ‘সাকিবের মামলা বা অন্যান্য যা রয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছি। সেগুলো নিয়ে তার আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সঙ্গে। আমরা খুব দ্রুততম সময়ে খুব সম্ভবত রোববার-সোমবারে কেসের ফাইলগুলো পৌঁছে দেব এবং পরবর্তী দায়িত্ব সরকারের। আশা করছি রবি-সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব সাকিবের কেসের ফাইলগুলো।’

ইত্তেফাক/জেডএইচ