ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ দুই সহযোগীর গ্রেপ্তার চায় তুরস্ক। গতকাল বুধবার ইস্তাম্বুলে চিফ প্রসিকিউটর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন। খবর আল-জাজিরা’র
যুবরাজ বিন সালমান মূলত সৌদি আরবের কার্যত সরকার প্রধান এবং তিনি বৈদেশিক গোয়েন্দা সংস্থার উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তুরস্কের গোয়েন্দা সংস্থা ছাড়াও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) তদন্তে খাশোগিকে হত্যায় যুবরাজের জড়িত থাকার বিষয়ে প্রমাণ পেয়েছে। এমনকি সিআইএ প্রধান জিনা হেসপেল মঙ্গলবার সিনেটরদের ব্রিফিং করেছেন হত্যাকান্ডের তদন্ত নিয়ে। এরপর সিনেটররা বলেছেন, তারা সাংবাদিক খাশোগি হত্যায় যুবরাজের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছেন। দুই তুর্কি কর্মকর্তা গতকাল জানিয়েছেন, যুবরাজের ঘনিষ্ঠ সৌদ আল-কাহতানি এবং আহমেদ আল আসিরি খাশোগি হত্যার মূল পরিকল্পনাকারী এবং তারাই হত্যাকান্ড পর্যবেক্ষণ করেছেন। হত্যার পর তাদের দুইজনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের জড়িত থাকার বিষয়ে যথেষ্ট যুক্তি আছে। কর্মকর্তারা জানান, সৌদি আরব তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নাও নিতে পারে। সেজন্যই তুর্কি প্রসিকিউটর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন।
