নড়াইলে বাবা-ছেলেসহ চারজনকে হত্যা, আটক ৬

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইল সদর থানার বড়কুলা গ্রামে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ ৪জন নিহত হওয়ার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কোন পক্ষ মামলা করেনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর আগে একই দিনে ভোররাতে এ হত্যার ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, তারাপুর গ্রামের আমিন শিকদারের ছেলে বনি শিকদার (৩৩), বড়কুলা গ্রামের মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকির (৬০), কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের তুজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০), সদরের তারাপুর গ্রামের রুহুল মোল্যার ছেলে সদয় মোল্যা (৩৬), তৈয়ব শিকদারের ছেলে লাজুক ওরফে সূর্য্য শিকদার (৩২), সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে নড়াইল সদর থানার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল শেখ গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় পক্ষের ৫ জন নিহত হন। এসময সংঘর্ষে অন্তত ৬/৭ জন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে নিহত হন খলিল গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, ভাগিনা ফেরদৌস ও মুন্না শেখ। সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের উসমান শেখের ছেলে ওসিকুর শেখকে আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনার পর পর প্রতিপক্ষের বিক্ষুব্ধ লোকজন কয়েকটি স্থানে আগুন ধরিয়ে দেয়।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, ‘বড়কুলা গ্রামে নিহতের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এলাকার পরিবেশ এখন স্বাভাবিক আছে।’

ইত্তেফাক/এএস/এএম