দেশের বিভিন্ন জেলার মতো রাজশাহীর গোদাগাড়ীতে জ্বর ছড়িয়ে পড়েছে। গত দুইদিনে গোদাগাড়ী উপজেলায় ৩জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
জানা যায়, গোদাগাড়ী জেনারেল হাসপাতালে জ্বর ও শরীরে ব্যাথা নিয়ে রোগীরা পরীক্ষার জন্য আসেন গত শনিবার। রবিবার তাদের রক্ত পরীক্ষার পর জানা যায় তাদের ডেঙ্গু হয়েছে। আক্রান্তরা হলেন উপজেলার তাজিনপুর গ্রামের সোহেল (৩৫), আকবর আলী (৪২)। সুলতানগঞ্জ মেলাপাড়ার সজিব (১৭), ফারুক। তাদের সবাই ঢাকায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে। তিনদিন আগে গোদাগাড়ীতে আসেন তারা।
গোদাগাড়ী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তাদের শরীরে ডেঙ্গু জীবাণু ধরা পড়ে। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: ডেঙ্গু জ্বরে রবিবার রাজধানীতে আরও ৩ জনের মৃত্যু
উল্লেখ্য, উপজেলার দুইটি সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্ত ও পরীক্ষার যন্ত্র নেই। এতে করে হাসপাতালে সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা। সরেজমিনে দেখা যায়, সরকারি দুই হাসপাতালে প্রতিদিন তিন শতাধিক রোগী বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেমতলী ও উপজেলা সদরে অবস্থিত গোদাগাড়ী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে অনেকে আসেন জ্বর নিয়ে। কিন্তু ডেঙ্গু পরীক্ষা করার জন্য এনএসওয়ান, এ্যান্টিবডি আইজিএম, এইচসিটি এবং সিবিসি পরীক্ষার কোনটিই সম্ভব হয় না। এতে করে রোগীদের উপজেলা বেসরকারি হাসপাতালে গিয়ে ডেঙ্গু জ্বর পরীক্ষা করতে হচ্ছে।
ইত্তেফাক/নূহু
