রাজধানীর বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির দুই বছর পূর্ণ হলো আজ। সময় পেরিয়ে গেলেও সেই পোড়া দাগ ও শোক এখনো স্মৃতিতে তাজা।
অভিযোগ রয়েছে, ভবনটির নকশা, ব্যবহার সনদ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তদারকিতে নানা অনিয়ম ও গাফিলতি থাকলেও ঘটনার পূর্ণাঙ্গ বিচার ও দায় নির্ধারণ এখনো সম্পন্ন হয়নি।
রোববার (১ মার্চ) বিকেল ৩টায় গ্রিন কোজি কটেজ ভবনের সামনে নিহতদের স্মরণে ফাতেহা পাঠ ও নীরবতা পালন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা, দায়ীদের বিচারের দাবির পুনর্ব্যক্ত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। ওই ঘটনায় ৪৬ জন নিহত ও অন্তত ২২ জন আহত হন। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তী তদন্তে ভবনটির নকশা, ব্যবহার সনদ ও অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নানা অনিয়মের বিষয় উঠে আসে।

