কুয়েতে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানগুলোর বিষয়ে অবশেষে ব্যাখ্যা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানিয়েছে, ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনায় ভুলবশত তিনটি এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানা, ইরানি বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় ছিল। সেই পরিস্থিতিতে কুয়েতের বিমান প্রতিরক্ষা বিভাগ ভুলবশত মার্কিন বিমানবাহিনীর অন্তর্ভুক্ত তিনটি এফ-১৫ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করে।
বিবৃতিতে বলা হয়, ওই সময় এলাকায় ইরানের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা চলছিল। সেই প্রেক্ষাপটে মার্কিন বিমানগুলোকে ভুলভাবে শত্রু লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিমানগুলোর ছয়জন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে এবং সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত এ ঘটনার দায় স্বীকার করেছে বলেও উল্লেখ করা হয়। চলমান অভিযানে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে সেন্টকম।
এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। যুদ্ধবিমানগুলো ইরানের বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-তে অংশ নিচ্ছিল।
এর আগে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী সোমবার ভোরে জানান, ‘একাধিক’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে সুনির্দিষ্ট সংখ্যা তখন উল্লেখ করা হয়নি।
