শিকারির ফাঁদে আটকে ছটফট করছিল গর্ভবতী হরিণ, পরে উদ্ধার

আপডেট : ০২ মার্চ ২০২৬, ২১:১৬

সুন্দরবনের হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়া একটি হরিণকে জীবিত উদ্ধার করে আবার বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (২ মার্চ) খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল অধিনস্থ কেয়াবুনি খাল এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।  

বন বিভাগের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করে। অভিযানের সময় গহীন বনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়া একটি হরিণকে তারা দেখতে পান। হরিণটিকে তাৎক্ষণিকভাবে ফাঁদ থেকে মুক্ত করে আবার সেই বনেই অবমুক্ত করা হয়।

হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ বলেন, উদ্ধারকৃত হরিণটি গর্ভবতী ছিল। হরিণটি বাঁচিয়ে আবার বনাঞ্চলে অবমুক্ত করতে পেরে আমরা খুবই খুশি। এছাড়া অভিযানে ২৭টি হরিণ ধরার ছিটকি ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা (এসসি এফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিয়মিতভাবে টহল ও অভিযান পরিচালনা করছি।

ইত্তেফাক/এসজেএস