এমআইএসটিতে হবে বিশ্বমানের সাইবার জিম

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:৩৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

প্রযুক্তির ব্যবহার যত বাড়বে সাইবার ঝুঁকিও তত বাড়বে। এই ঝুঁকি মোকাবিলায় এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। তা না হলে আমরা পিছিয়ে যাব। সাইবার ঝুঁকির প্রস্তুতির অংশ হিসেবে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) বিশ্বমানের সাইবার জিম স্থাপন করা হবে। শারীরিকভাবে সুস্থ-সবল থাকতে আমরা যেমন জিমে যাই, তেমনি সাইবার স্পেসে নিজেদের নিরাপদ রাখতে এই জিম তৈরি করা হবে। যেখানে সবাই একসঙ্গে কাজ করার সুযোগ পাবে।

সশস্ত্র বাহিনী বিভাগ ও এমআইএসটির যৌথ উদ্যোগে এমআইএসটির জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে  ‘বিশ্বব্যাপী সাইবার হুমকি এবং বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

মেজর জেনারেল ওয়াহিদ উদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন ইনস্টিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি এবং গভর্নেন্সের চেয়ারম্যান ড. সৈয়দ মুনির খসরু, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং কেন্দ্রের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এবং জাতীয় ডাটা সেন্টারের পরিচালক প্রকৌশলী তারিক বরকত উল্লাহ। এতে সঞ্চালনা করেন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান এয়ার কমোডর আফজাল হোসেন। 

অনুষ্ঠানে পলক বলেন, ব্যক্তি, ‘পরিবার, প্রতিষ্ঠান এবং রাষ্ট্র—এই চারটি পর্যায়েই আমরা সাইবার ঝুঁকিতে রয়েছি। তরুণ প্রজন্মকে এখন থেকে সাইবার ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করতে হবে।’ তিনি সচেতন ও সতর্ক থেকে সক্ষমতা তৈরি করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, সাইবার স্পেস নিরাপদ বিষয়ে তথ্যপ্রযুক্তি বিভাগ ২২টি ক্রিটিক্যাল সিস্টেম ইনফরমেশন ইনফ্রাসট্রাকচার শনাক্ত করেছে এবং ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার তৈরি করেছে। এছাড়াও, সক্ষমতা তৈরি করতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, সাইবার ইনসিডেন্স রেসপন্স টিম, ডিজিটাল ফরেনসি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে বলে তিনি জানান। 

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সেনা, নৌ, এবং বিমান বাহিনীসহ বিভিন্ন আন্তঃবাহিনী সংস্থাসমূহের উল্লেখযোগ্য সংখ্যক সামরিক/ বেসামরিক কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ ।