খামেনির মৃত্যুতে ভারতের সমবেদনা, তবে ইরানে হামলার নিন্দা জানায়নি দিল্লি

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৮:৩৪

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সমবেদনা জানিয়েছে ভারত। তবে ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিমান হামলার নিন্দা জানায়নি দক্ষিণ এশিয়ার দেশটি। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার (৫ মার্চ) পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন এবং খামেনির মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেন।

এনডিটিভি বলছে, এই পদক্ষেপ দিল্লির অবস্থানে একটি সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত দেয়। মোদি সরকার খামেনির মৃত্যুতে ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিমান হামলার নিন্দা করেনি।

প্রতিবেদনে বলা হয়, ভারতের বিরোধী দলগুলো ইরানের সঙ্গে নয়াদিল্লির দীর্ঘস্থায়ী সম্পর্কের দিকে ইঙ্গিত করে হামলার বিরোধীতা করার দাবি জানিয়েছিল। আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার জন্য বিরোধী দলের তীব্র দাবির মুখেও নীরবতা বজায় রেখেছে।

গত ২৮ ফেব্রুয়ারি শনিবার মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন, যা পশ্চিম এশীয় অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দেয়।
 
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন।
 
তিনি বলেন, ‘ভারত সর্বদা এই ধরনের বিরোধের সমাধান খুঁজে বের করার জন্য সংলাপ এবং কূটনীতির আহ্বান জানিয়েছে।’

 
ইত্তেফাক/এমএএস