কুবি শিক্ষককে অপহরণ করে বুথ থেকে টাকা তুলে নিলো দুর্বৃত্তরা

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৫:৩০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেলকে দিনদুপুরে অপহরণ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ থানায় তিনি মামলা করেন।

পুলিশ ও ভুক্তভোগীর বরাত দিয়ে জানা গেছে, বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা যাচ্ছেন এমন সময় কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার এসে জানতে চায় তিনি উবার ডেকেছেন কি না। তিনি না বললে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নেন এবং মুখ চেপে ধরেন।

অপহরণকারীরা ময়নামতি ক্যান্টনমেন্ট সংলগ্ন সড়ক ধরে তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়। এ সময় তার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

শারীরিকভাবে নির্যাতন করে এটিএম কার্ডের পিন নম্বর আদায় করা হয়। পরে দাউদকান্দির হাবিব মার্কেটের একটি এটিএম বুথ থেকে কার্ড ব্যবহার করে প্রায় ৮০ হাজার টাকা তুলে নেয় অপহরণকারীরা।

ঘটনার তিন থেকে চার ঘণ্টা পর, দাউদকান্দির একটি নির্জন এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর অপহরণকারীরা ঢাকামুখী সড়ক ধরে চলে যায়।

আবদুর রাজ্জাক সোহেল জানান, ছিনতাইকারীর সংখ্যা চারজন এবং বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তিনি বলেন, “দৈনন্দিন সময়ে এমন ঘটনা খুবই উদ্বেগজনক। আশা করি বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং জড়িতরা আইনের আওতায় আনা হবে।”

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”

ইত্তেফাক/এএম