ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সহকারী অধ্যাপক মতিয়ার রহমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ (WhatsApp) আইডি হ্যাকড করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এমপি মতিয়ার রহমান জানান, একটি সংঘবদ্ধ হ্যাকার চক্র তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ আইডিটি নিয়ন্ত্রণে নিয়েছে। আইডিটি হ্যাক করার পর হ্যাকাররা তার পরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে বিভ্রান্তিকর বার্তা পাঠাতে পারে বা অনৈতিক সুবিধা দাবি করতে পারে বলে শঙ্কার প্রকাশ করেছেন তিনি। তাছাড়া তার নাম ব্যবহার করে কেউ কোনো প্রকার যোগাযোগের চেষ্টা করলে কিংবা অর্থনৈতিক লেনদেনের প্রস্তাবে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ করেছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
এমপি মতিয়ার রহমান বলেন, হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে মহেশপুর থানার ওসিকে জানিয়েছি। ওই আইডি থেকে যোগাযোগের চেষ্টা করা হলে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। আইডি দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮২১ ভোট।

আইডি হ্যাক হয়নি, নিজেদের রক্ষায় তারা মিথ্যা বলছে: তারেক রহমান