বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল বৃদ্ধের পা 

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ২১:০১

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার একটি পা উড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৫১ ও ৫২ নম্বর পিলারের মধ্যবর্তী পয়েন্ট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৫১ ও ৫২ নম্বর পিলারের মধ্যবর্তী পয়েন্ট দিয়ে সাতজন ব্যক্তি গাছ কাটার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেন। তারা পাইনছড়ি সীমান্ত এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে মিয়ানমার সীমান্তের ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা জিরো লাইন অতিক্রম করে বাটনাতলা এলাকায় বাটনা গাছ কাটতে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দে একটি স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এতে আবদুল জব্বারের একটি পা উড়ে যায়। সঙ্গে থাকা অন্যরা দ্রুত সরে গিয়ে প্রাণে রক্ষা পান।

আহত আবদুল জাব্বার কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, ঘটনার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি