রয়টার্স
মিশরের রাজধানী কায়রোতে গাড়ি দুর্ঘটনার পর বিস্ফোরণে ১৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। সোমবার ভোরে কায়রোর কেন্দ্রীয় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।
পৃথক আরেকটি বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কায়রোর নীল নদের তীরবর্তী সড়কে নিয়ম ভঙ করে উল্টো পথে আসা একটি গাড়ির সঙ্গে অপর তিনটি গাড়ির সংঘর্ষের হলে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে আগুন ধরে গেলে নিকটবর্তী ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের একটি অংশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। সরকারি কোনো বিবৃতিতেই বিস্ফোরণটিকে হামলা বলে ইঙ্গিত দেওয়া হয়নি। মিশরের পাবলিক প্রসিকিউটর ঘটনাটি তদন্ত করে দেখছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।
ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক হাতেম আবু-এল কাশেম বলেন, হাসপাতালের ভেতরের অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে যে গুজব উঠেছে তা আদৌ সত্য নয়। তিনি বলেন, দুর্ঘটনার কারণে গাড়ির বিস্ফোরণে নিহতদের মধ্যে পথচারীরাও রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেঘাদ বলেন, দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ জন্য ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে ৪২টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
