দেশের ২১ হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, এমন তথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর ফলে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শূন্যপদ থাকলে তারা অনলাইনে সেই তথ্য প্রদান করতে পারবে।
এনটিআরসিএ সূত্র জানায়, গত ১ মার্চ ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ হয়েছে। ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এই কার্যক্রমে ২১,০৮৮টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের তথ্য হালনাগাদ করেছে।
ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক শূন্যপদসংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের জন্য ৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ই-রেজিস্ট্রেশন নির্ধারিত ছিল। পরে সময়সীমা বাড়িয়ে ১ মার্চ রাত ১২টা পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠানের তথ্য ভুলভাবে জমা পড়েছিল, তারা তা সংশোধন (এডিট) করতে পারেছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে http://www.ntrca.gov.bd ‘ই-রেজিস্ট্রেশন’ সেবাবক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেন্যুতে পাওয়া যাবে।
এনটিআরসিএ আইন ২০০৫ এবং পরিপত্র অনুযায়ী, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর শূন্যপদ সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন ও ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। তা না করলে প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুতরাং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
