বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন আতঙ্কের নাম সাপ!

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:০৭

মোবাশ্বের আহমেদ, বেরোবি সংবাদদাতা

সবুজে ঘেরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বাড়ছে বিষাক্ত সাপের উপদ্রব। শিয়াল-কুকুর এবং চোরের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে সাপের উত্পাত। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা ও ক্যাম্পাসের ঝোপঝাড় ঠিকমতো পরিষ্কারের অভাবে দিন দিন বেড়েই চলছে এ উত্পাত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের কাছে এখন আতঙ্কের নাম সাপ।

বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হল, ছেলেদের হল, সেন্ট্রাল লাইব্রেরি, শিক্ষকদের আবাসিক ভবন, মসজিদ, ক্যাফেটেরিয়া এবং বিভিন্ন একাডেমিক ভবনের আশেপাশে প্রচুর সাপের বাসস্থান আছে। গত কয়েকদিনে এসব স্থানে কিছু বিষধর সাপ মারা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ। সাপের আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধানের অফিস কক্ষ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা যায়, গতকাল রবিবার শিক্ষক ডরমেটরির নিচে একটি সাপ দেখা যায়। তাত্ক্ষণিক সাপটি তাড়াতে গিয়ে এক জন শিক্ষক আহত হন। এর আগেও কয়েকবার ঐ ডরমেটরির আশেপাশে সাপ দেখতে পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা প্রক্টরিয়াল বডিতে আলোচনা করেছি। আমরা খুব দ্রুত প্রশাসনের পক্ষ থেকে এটার সমাধানে ব্যবস্থা  নেব।’