আলফাডাঙ্গায় পুলিশের দুই এএসআই ক্লোজড

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:০৮

আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

আলফাডাঙ্গা থানার দুই পুলিশ কর্মকর্তাকে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে গত ৪ আগস্ট ক্লোজ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট বিকালে বারাশিয়া নদীরপাড় থেকে বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের পুলিশের (অব) এসআইয়ের অনার্স পড়ুয়া ছেলে আরাফাতকে আলফাডাঙ্গা থানা পুলিশের এএসআই ফারুক ইয়াবা আছে বলে চ্যালেঞ্জ করে। তল্লাশি করে তার কাছে কোনো মাদক না পেয়ে তাকে ছেড়ে দেয়। এ সময় আরফাতের সঙ্গে ঐ পুলিশ কর্মকর্তার কথা কাটাকাটি হয়। পরে আরাফাত হেঁটে সামনে কয়েক গজ এগোলে পিছন থেকে আবার ঐ এএসআই ফারুক এসে আরাফাতের পিছনে ইয়াবা ট্যাবলেট ফেলে দিয়ে তাকে আবারো ইয়াবা ব্যবসায়ী বলে আটক করে। স্থানীয় লোকজন পুলিশের ইয়াবা ফেলে নাটক সাজিয়ে আরাফাতকে আটকের বিষয়টি দেখে ফেলে। পরে স্থানীয় লোকজনের চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। আরাফাতের বাবা অবসরপ্রাপ্ত পুলিশের এসআই আব্দুল হাই ঘটনা শুনে পরের দিন পুলিশ সুপার ফরিদপুর বরাবর আবেদন করেন। পরে গত ৪ জুলাই থানার এএসআই ফারুক ও তার সঙ্গে থাকা এএসআই রশিদকে ফরিদপুর পুলিশ লাইনে ক্লোজ করে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঐ দুই এএসআইকে ক্লোজের সত্যতা স্বীকার করেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা গেছে।