ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে ব্যবসায়ী জামিরুল ইসলাম হত্যাকাণ্ডে ব্যবহূত বিদেশি বন্দুক, গুলি ও ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। সে সঙ্গে গ্রেফতার করেছে আরো দুই জন আসামিকে। রবিবার রাতে চুয়াডাঙ্গা জেলার নবীনগর গ্রামের নাসির উদ্দিনের বাড়ি থেকে নিহত ব্যবসায়ীর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় নাসির উদ্দিনকে। একই রাতে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাদীখালি গ্রামের আজিজুল ইসলামের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মো. হাসানুজ্জামান প্রেস কনফারেন্সে জানান, গত ১৯ এপ্রিল রাতে সদর উপজেলার কুবিরখালী গ্রামের ব্যবসায়ী জামিরুল ইসলাম মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুষ্কৃতকারীরা তাকে গুলি করে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে যায়। পরের দিন নিহতের মামা মোশারফ হোসেন মুসা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ঘটনার পরপরই পুলিশ নাজিম, গোলাপ মেম্বার, মিলন হোসেন, আনারুল ও গিয়াসকে গ্রেফতার করে। প্রধান আসামি বোরহান পলাতক রয়েছে।
