নারী দিবসে ৮ নারী উদ্যোক্তা পেলেন ‘সাহসিকা সম্মাননা ২০২৬’

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২:৫২

‘বাধ ভেঙে দাও’ স্লোগানকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আটটি ভিন্ন খাতে অবদানের জন্য আটজন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে।

এই বছর কৃষি ও নিরাপদ খাদ্য, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সামাজিক উদ্যোগ, পর্যটন, ফ্যাশন ও পোশাক, ফিটনেস এবং সুস্থতা বিষয়ক ব্যবসাসহ মোট ৮টি ক্যাটাগরিতে উদ্যোক্তাদের সফল ব্যবসা পরিচালনা, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা ২০২৬ প্রদান করা হয়েছে।

এছাড়া তিনটি বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে: ১। ‘বাংলাদেশি ফ্ল্যাগ গার্ল’ হিসেবে পরিচিত ১৮৪টি দেশ ভ্রমণকারী নাজমুন নাহার বুটিক, ২। হস্তশিল্প ক্যাটাগরিতে আরুবাস কালার বুটিক এর কর্ণধার নিগার সুলতানা, ৩। ওষুধ শিল্প ক্যাটাগরিতে শরিফ ফার্মা এর পরিচালক রাজিয়া শরিফ জনি।

রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রফেসর ড. এ. জেড. এম. জাহিদ হোসেন, আর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যনের উপদেষ্টা মাহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের চিফ অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রেড-১) এবং সাহসিকার উপদেষ্টা মো. আমজাদ হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লেখক, পরামর্শক ও সাহসিকা উদ্যোগের প্রধান সমন্বয়ক নাজমুল হুদা, এবং সমাপনী বক্তব্য রাখেন সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা উদ্দোগের আহবায়ক রেদওয়ান রাহী।

সকল সাহসিকা নারীকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি প্রফেসর ড. এ. জেড. এম. জাহিদ হোসেন।

এর আগে উদ্যোক্তা সৃষ্টি, উৎসাহ প্রদান ও ব্যবসা পরিচালনার খুঁটিনাটি নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। 

‘ব্যবসার অন্তরালের গল্প: টেকসই প্রবৃদ্ধির জন্য কৌশল ও দক্ষতা’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, এবং বিজনেস সেশন সঞ্চালনা করেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট ও সিটিব্যাংক এনএ-এর ভাইস প্রেসিডেন্ট সুবাহ আফরিন।

স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচালিত সাহসিকা বিশেষ প্রকাশনায় বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী।

উক্ত উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে অতিথি ও বক্তারা আশা প্রকাশ করেছেন। সাহসিকা ৪.০ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান ছিলেন উইমেন এন্ড ইকমার্স ট্রাস্ট, জেসিআই ঢাকা ওয়েস্ট, ই-ক্লাব উইমেন্স ফোরাম, আইসিটি কেয়ার ও ক্যারিয়ার কেয়ার

ইত্তেফাক/এএইচপি