রাজধানীর মুগদা এলাকায় এক নারী সাংবাদিককে উত্যক্ত, অশালীন আচরণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক উম্মে সালমা সুলতানা (৩৯) মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মুগদা শান্ত সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা ৩–৪ জন অজ্ঞাত যুবক তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্যক্ত করে এবং অশালীন আচরণ করে। ঘটনার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, ঘটনার কয়েকদিন পর ২৪ জানুয়ারি একটি অজ্ঞাত নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসে। অপরিচিত নম্বর হওয়ায় তিনি কলটি রিসিভ না করলেও পরদিন কল ব্যাক করলে অপর প্রান্ত থেকে তাকে অশালীন ভাষায় গালাগালি করা হয় এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয়ও দেখানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, অজ্ঞাত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারেও তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এতে তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে চরম মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উল্লেখ্য, উম্মে সালমা সুলতানা ২০২১ সাল থেকে অনন্যা ম্যাগাজিন-এ নিয়মিত নারী বিষয়ক লেখালেখি করে আসছেন। তিনি জানান, সমাজে নারীর অগ্রগতি ও স্বাধীন চিন্তাভাবনা অনেকেই সহজভাবে গ্রহণ করতে পারে না; ফলে একশ্রেণির মানুষ ধর্ম ও সামাজিক মূল্যবোধের আড়ালে নারীদের কণ্ঠরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে মুগদা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
