দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের কেন্দ ীয় মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন—সরকার দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অঙ্গিকারাবদ্ধ। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দায়িত্ব সরকারের একার নয়। দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা। জনগণকেও এগিয়ে আসতে হবে। নির্বাচনী ডামাঢোল বেজে উঠেছে এবং জনগণ নির্বাচনমুখী হয়েছে। কোনোভাবেই নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করা যাবে না। কোনো অপশক্তি যেন শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে।
শনিবার বিকালে কাজীপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরাসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, পৌর মেয়র হাজী নিজামী উদ্দিন ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
নাসিম বিএনপিসহ সকল জোট ও রাজনৈতিক দলকে শঙ্কাহীন চিত্তে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন- প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এর কোনো ব্যত্যয় হবে না। নির্বাচন পরিচালনা করবে ইসি। সকল দল নির্বাচন কমিশনের দেওয়া সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। নির্বাচনকালীন সরকার শুধু দৈনন্দিন রুটিন কাজ করবে।
