নারী নির্মাণ শ্রমিককে দলবদ্ধভাবে ধর্ষণ

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:৪৯

সাভারে এক নারী নির্মাণ শ্রমিককে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে সাভার পৌর এলাকার ডগরমোড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ থানার টাঙ্গালীপাড়া গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে আরিফ (২২), একই থানা এলাকার শাজাহানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আমিনুল (৩৫), গাইবান্ধা জেলার সাঘাটা থানার গহিচড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাদল (২২), একই থানা এলাকার কুমারবাড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে কবির (২৬) ও শিমুলবাড়ি গ্রামের জুলহাস মিয়ার ছেলে আলমগীর (২২)। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা ওই নারী শ্রমিক গত কয়েকদিন আগে সাভারে আসেন। রবিবার সকাল ৭টার দিকে তিনি সাভার নিউ মার্কেটের সামনে শ্রমিক হাটে কাজের সন্ধানে বসে ছিলেন। এসময় স্থানীয় এক ‘বখাটে’ ওই নারীকে কাজ দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী ডগরমোড়া এলাকার হাজি ইস্কান্দার আলীর নির্মাণাধীন সাত তলা ভবনের ছাদে নিয়ে যান। সেখানে পাঁচ জন মিলে দলবদ্ধভাবে তাকে ধর্ষণ করে। 

আরো পড়ুন: ডেঙ্গু জ্বর পরীক্ষার উপকরণ আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

ঘটনাটি স্থানীয় লোকজনদের জানালে তারা ওই নারীকে বিচারের আশ্বাস দেন। কিন্তু বিচার না পেয়ে সোমবার দুপুরে তিনি বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের জানিয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ করেন। এরপর পুলিশ বিকালে ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত পাঁচ বখাটেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ