গতকাল সোমবার এ বছরের হজ ফ্লাইট সমাপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ বিমান। তবে সাউদিয়া এয়ারলাইনসের হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম গতকাল সোমবার দুপুরে আশকোনা হজ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ বছর অসুস্থতা ও মৃত্যুর কারণে হজে যেতে পরলেন না ২২২ জন। তিনি দাবি করেন, এ বছর হজে কোনো দুর্নীতি হয়নি।
হাব সভাপতি বলেন, প্রতিবছরই এমন কিছু হজযাত্রী থাকেন, যারা অসুস্থতা কিংবা মারা যাওয়ার কারণে ভিসা করা হয় না। ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রীর মধ্যে হজে না যাওয়ার এই সংখ্যা খুবই কম। এছাড়া এ বছর ডেঙ্গু ও অন্যান্য কারণেও অনেকে হজে যেতে পারছেন না। হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এদিকে রবিবার ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ও বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সৌদি আরবে পৌঁছেছেন।
