ফুলবাড়ীয়ায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২৩:০০

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শিক্ষকসহ আরও ২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তারা ঢাকা থেকে ফুলবাড়ীয়ায় এসে আক্রান্ত হয়েছেন বলে জানান। তারা হলেন উপজেলার বাক্তা চাঁদপুর গ্রামের নির্মাণ শ্রমিক ওমর আলী ও পৌর সদরের ওছমান গনি।

সোমবার (৫ আগস্ট)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে উপজেলার বাক্তা চাঁদপুর গ্রামের নির্মাণ শ্রমিক ওমর আলীর রক্ত পরীক্ষায় ডেঙ্গু জ্বরের জীবাণু পাওয়া গেছে। তিনি চাঁদপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

ওমর আলী জানান, গত ১ আগস্ট কাজ শেষ করে ঢাকা থেকে বাড়িতে আসার পর জ্বর হয়। জ্বর নিয়ে স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ার পর এক দেড় ঘণ্টা জ্বর থেমে থাকে। এভাবে চলতে থাকলে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বর সন্দেহে রক্ত পরীক্ষা করালে তার শরীরে ডেঙ্গুর জীবাণু আছে বলে জানান ডাক্তার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. হারুন আল মাকসুদ জানান, আক্রান্ত রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:  নারী নির্মাণ শ্রমিককে দলবদ্ধভাবে ধর্ষণ

এদিকে ফুলবাড়ীয়া পৌর সদরে ওছমান গনি (৩৮) নামের এক শিক্ষকের ডেঙ্গু জ্বর ধরা পড়েছে। তিনি পুটিজানা ইউনিয়নের পাঞ্জেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, 'গত সপ্তাহে ঢাকা থেকে ফুলবাড়ীয়া পৌর সদরের বাসায় এলে শরীরে জ্বর অনুভব হয়। তখন ময়মনসিংহে গিয়ে পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে।'

এর আগে ফুলবাড়ীয়া পৌর সদরের গৌরিপুর মহল্লার সাদিয়া (১১) নামের এক শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এ নিয়ে ফুলবাড়ীয়া উপজেলায় তিন জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলো। 

ইত্তেফাক/জেডএইচডি