সাভারে পৃথক ঘটনায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়কসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার নয়ারহাট, রাতে বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ী ও রবিবার ভোরে তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো—সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সুমন মণ্ডল পণ্ডি, তার সহযোগী মিলন মাহমুদ, বিরুলিয়া ইউনিয়নের আলমগীর হোসেন, মো. বাবুল মিয়া, ঠাকুরগাঁও জেলার হামিদ এবং জাহাঙ্গীর আলম।
আশুলিয়া থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার নয়ারহাট থেকে পাথালিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সুমন পণ্ডি ও তার সহযোগী মিলন মাহমুদকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। যুবলীগ নেতা সুমন দীর্ঘদিন ধরে এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে মাদকের ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ী এলাকায় মাদক বিক্রির সময় হাতেনাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ও বাবুল মিয়াকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে রবিবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ হামিদ ও জাহাঙ্গীর আলম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। সাভার মডেল থানার উপপরিদর্শক মোফাজ্জল হোসেন বলেন, আটককৃতরা দেশের উত্তরবঙ্গসহ সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
