রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু ক্ষেপনাস্ত্রের আধুনিকায়ন করলে রাশিয়াও বসে থাকবে না। গতকাল দেশটির নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে এই কথা বলেন। তিনি প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেন যে, যুক্তরাষ্ট্র পরমাণু ক্ষেপনাস্ত্রের আধুনিকায়ন করছে কিনা সেই বিষয়ে কঠোর নজরদারি চালাতে। তিনি বলেন, রাশিয়া যদি বিশ্বাসযোগ্য তথ্য পায় যে যুক্তরাষ্ট্র ছোট ও মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপনাস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে তাহলে মস্কো পা গুটিয়ে বসে থাকবে না। আমরাও একই পদক্ষেপ নেবো। সম্প্রতি যুক্তরাষ্ট্র সোভিয়েত আমলে করা আইএনএফ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসে। এরপরই গতকাল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রেসিডেন্ট পুতিন। -রয়টার্স
