যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মুখে সমর্থন দেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ ইরানের

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২০:০১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মুখে সংহতি প্রকাশ করায় পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এ ধন্যবাদ জানান।

পোস্টে তিনি উর্দু ভাষায় লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের আগ্রাসনের মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের পাশে দাঁড়ানো এবং সংহতি প্রকাশ করার জন্য আমি পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই সংঘাতের মধ্যে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে গত এক সপ্তাহ ধরে পাকিস্তান ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে ব্যাপক কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সৌদি আরব সফরের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানের কয়েকজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন।

পরে ১২ মার্চ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির রিয়াদ সফর করেন। সেখানে তারা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত সপ্তাহে চীন, সৌদি আরব, কুয়েত এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণে দেখা গেছে একটি পাকিস্তানি জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে পাকিস্তানের দিকে অগ্রসর হচ্ছে। ইরান এই নৌপথ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বন্ধ ঘোষণা করলেও পাকিস্তানি জাহাজের চলাচল দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে।

এ বিষয়ে আল জাজিরা পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ইত্তেফাক/এএম