জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ঢাকায় ফেরার পর পরই বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠক সূত্রের খবর হচ্ছে বাফুফে সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুই ম্যাচ জিততে হবে। রুম থেকে বেরিয়ে এসেছেন কোচ, মাথায় দুই ম্যাচ জয়ের ভাবনা। কিন্তু এই টেনশন মাথায় নেই, স্পষ্ট করেছেন হ্যাভিয়ের। তার সঙ্গে বাফুফের চুক্তি শেষ হবে ৩১ মার্চ। তার আগে মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ মার্চ নিয়মরক্ষার ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে।
গতকাল রাজধানীর একটি হোটেলে জাতীয় প্রাথমিক দলের রিপোর্টিংয়ের দিনে কোচ এসব বিষয় এড়িয়ে গেছেন, 'কোনো কিছু নিয়ে চাপ অনুভব করছি না। আমি মনে করি না কোনো সিদ্ধান্ত শুধু একটি ম্যাচের ওপর ভিত্তি করে হবে। আমি এখানে অনেক দিন ধরে আছি এবং সভাপতি জানেন আমি দলকে কী দিতে পারি। সিঙ্গাপুর ম্যাচের পর সম্ভবত ম্যানেজমেন্টের সঙ্গে চূড়ান্ত আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত হবে।'
কোচ হ্যাভিয়ের নিজে বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী কিনা সেই প্রশ্নে হ্যাভিয়ের ক্যাবরেরা জোরালো কণ্ঠে বলেন, 'অবশ্যই। আমি ফেডারেশনের কথা শুনতে চাই এবং তারাও নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে চায়। তার ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নেব।' কোচের এমন জোরালো কণ্ঠ আভাস দেয় চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে আগ্রহী তিনি। বাফুফে চাইলে তিনি থাকবেন।
অন্যদিকে তাবিথ কোচকে জানিয়েছেন দুই ম্যাচ জিততে হবে।' জিতলে কি হবে ইত্তেফাকের সেই প্রশ্নে তাবিথ অবশ্য হ্যাঁ না, কিছুই বলেননি। এটাও ঠিক তাবিথ জানিয়েছেন তারা নতুন কোনো কোচ চূড়ান্ত করেননি এবং হ্যাভিয়েরকে নাকচও করেননি। কোচ আছেন, কোচ থাকবেন এমন একটা মধ্যবর্তী স্থানে রয়েছে বাফুফে। দুই ম্যাচ জিতলে কোচ থেকে গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।
ফুটবলে গুঞ্জন আছে কোচ থেকেও যেতে পারেন। আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোচ থাকছেন। সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে বাফুফের ভাবনা রয়েছে। কেউ কেউ বাফুফেকে পরামর্শ দিচ্ছেন নতুন কোচ আসলে প্লেয়ার চিনতে চিনতে সময় চলে যাবে। তার চেয়ে বরং ভিয়েতনাম এবং সিঙ্গাপুরকে হারাতে পারলে এই কোচই দায়িত্ব পালন করুক।
