কলেজে ঈদের ছুটি হওয়ায় বাড়ি যাওয়ার ট্রেন ধরতে ভোরবেলা মেস থেকে বের হয়েছিলেন রাজশাহী মহানগরীর সিটি কলেজের এক শিক্ষার্থী। কিন্তু বাড়ি আর ফেরা হলো না তার। মঙ্গলবার ভোরে মহানগরীর হেতেম খাঁ ও বর্ণালীর মাঝামাঝি সড়কে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত ফারদিন আশারিয়া রাব্বি (২২) অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মমিনপুর গ্রামে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, খবর পেয়ে ভোর ৬টার দিকে রাব্বির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ছিনতাইকারীদের কাজ তা এখনও নিশ্চিত নয় পুলিশ। ওই শিক্ষার্থীকে মাথার পেছনে কুপিয়ে জখম করা হয়েছে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রাব্বি হেতেম খাঁ এলাকার একটি মেস বাড়িতে থাকতেন। মঙ্গলবার ভোরে বাড়ি যাওয়ার জন্য তীতুমীর এক্সপ্রেস ট্রেন ধরতে মেস থেকে বেরিয়ে রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। ফজরের আযানের পর এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থলে তার ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন পড়েছিল।
পরিবারের সদস্যরা মোবাইলে পুলিশকে জানায়, কলেজে ঈদের ছুটি হওয়ায় রাব্বির বাড়ি যাবার কথা আগেই জানিয়েছিলেন পরিবারের সদস্যদেরকে। সে অনুযায়ী মঙ্গলবার ভোরে তিনি ছাত্রাবাস থেকে বের হওয়ার সময় বোনের সঙ্গে কথাও বলেছিল। এর কয়েক মিনিট পরেই এই ঘটনা ঘটে। এরপর থেকে পরিবারের সদস্যরা বারবার ফোন করলেও তাকে পায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে পাওয়া তার ফোন থেকেই রাব্বির পরিবারের সঙ্গে কথা হয় পুলিশের। পুলিশের কাছেই তারা জানতে পারে, রাব্বি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
আরএমপির মুখপাত্র আরও জানান এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআর
