মহেশখালীতে দোকানির ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৩:৪৯

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোটমহেশখালীর মুদির ছড়া এলাকায় নাস্তার বিল নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে দোকানির ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মুদিরছড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল করিম (৩৫) মুদিরছড়া এলাকার কালুমিয়ার ছেলে। ঘাতক দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় নাস্তার দোকানদার আবদুর শুক্করের দোকানে নাস্তা খেয়ে বিলে পাঁচ টাকা কম-বেশি নিয়ে আবদুল করিমের বাক-বিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানে থাকা ছুরি দিয়ে দোকানদার আবদুল করিমের পেটে আঘাত করে। এতে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ঘাতককে গ্রেফতার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

ইত্তেফাক/আরকেজি