গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে আরো ১৬ রোগীর ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ নিয়ে সাতক্ষীরায় আজ মঙ্গলবার পর্যন্ত মোট ৮২ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ৩৬ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৪১ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে আরো ৫ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে র্যালি, আলোচনাসভা, ওষুধ ছিটানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প।
অপরদিকে, জেলায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন অনেকেই। তবে, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশংকামুক্ত। আক্রান্ত রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় ফিরে এসেছেন বলে তিনি জানান।
তিনি এ সময়, ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশপাশ পরিষ্কার করা ও পরিত্যক্ত জিনিস পত্র- বোতল, নারকেলের খোসা, টায়ার পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেন। তিনি ডেঙ্গু আক্রান্তদের পানি ও পানি জাতীয় খাদ্য ( ডাব, শরবত, পেঁপে) বেশি বেশি গ্রহণের পরামর্শ দেন।
ইত্তেফাক/এমআই
