ছাত্রদল নেতার উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট : ২১ মার্চ ২০২৬, ২১:২২

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় ক্যাম্পাসসংলগ্ন এতিম, পথশিশু ও ছিন্নমূল-উদ্বাস্তু মানুষের মধ্যে শার্ট-প্যান্ট, লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।

এইচ এম আবু জাফর জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তারেক রহমানের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা সবাই ভালোভাবে ঈদ উদযাপন করার চেষ্টা করি। কিন্তু ছিন্নমূল মানুষের, বিশেষ করে শিশুদের ঈদে নতুন জামা-কাপড় কেনার সুযোগ হয় না। তাই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে ক্যাম্পাসের আশেপাশে থাকা পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করেছি, যাতে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফারহান আরিফ, যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা সাগর, রাশেদ এবং রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

ইত্তেফাক/এএইচপি