বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন, দেশের বাজারেও কমতে পারে দাম

আপডেট : ২২ মার্চ ২০২৬, ২১:১৬

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে একদিনেই উল্লেখযোগ্য পতন হয়েছে। এর প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রোববার (২২ মার্চ) বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ দশমিক ৩৬ শতাংশ কমেছে বলে জানিয়েছে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস’।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৮ দশমিক ৮৩ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলারে নেমে এসেছে।

বিশ্ববাজারে এমন পতনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশীয় বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। ফলে যেকোনো সময় স্থানীয় বাজারেও স্বর্ণের দাম কমানো হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সেদিন প্রতি ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা দাম কমানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে দরপতনের ধারা অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণের দাম আরও কমতে পারে।

ইত্তেফাক/এসএ