পোশাক ব্যবসায় সফল

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৯:৪৪

সাফল্য

  ইফফাত-ই-ফারিয়া

 

সফল এই নারী উদ্যোক্তা পড়াশোনা শেষ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এমবিএ করার মাধ্যমে। এর আগে আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে বের হয়ে, বিবিএ পড়েন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফিন্যান্সে। তার পরিবারের সবাই ব্যবসার সঙ্গেই জড়িত ছিলেন। তিনি বলেন, তার বাবা পুরান ঢাকাতে ৩০ বছর ধরে ব্যবসা করেন। কিন্তু পারিবারিক ব্যবসাতে যাওয়ার ইচ্ছা ছিল না, ওদিকে বাসার সবাই চেয়েছিল তিনি যেন একটা ভালো চাকরি করেন। কিন্তু সবার অমতে মা-এর কাছ থেকে কিছু টাকা নিয়ে লোকাল ব্যবসায়ীদের থেকে অল্প কিছু জিনিস নিয়ে ব্যবসা শুরু করে দেন কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই! ‘বেবিশেল’-এ শুরুতে ভারত এবং চায়না থেকে গয়না, শাড়ি, ব্যাগ, বিয়ের লেহেঙ্গা আমদানি করলেও ধীরে ধীরে তার ব্যবসার প্রসার হয়।

ভুল ত্রুটি দিয়ে শিখতে শিখতে আজকে নিজেই সরাসরি বিভিন্ন দেশ থেকে পণ্য আনাচ্ছেন। সমাজের চিরাচরিত ধারায় ঘরে বসে বুটিক হাউস চালানোর প্রথা ভাঙতেই মূলত নিজের শোরুম দেবার চিন্তা করেন তিনি। কারো কোনো প্রকার সহযোগিতা ছাড়া একমাত্র মায়ের অনুপ্রেরণাতে আর অক্লান্ত পরিশ্রমে ধানমন্ডির মতো জায়গায় দোকান নিতে পেরেছেন। জেনেটিক প্লাজাতে ২১১ নাম্বার দোকানটি তার স্বপ্নের পূর্ণাঙ্গ রূপ। মা-এর নামের সঙ্গে মিল রেখে দোকানের নাম দিয়েছেন বেবিশেল। খুব তাড়াতাড়ি নতুন আরো দোকানের কাজ শুরু করবেন। ব্যবসার মাধ্যমে ১০ জন মানুষের কর্মসংস্থান করেছেন তিনি। ভবিষ্যতে এই সংখ্যাটি আরো বাড়াতে চান। কেননা ডিজিটাল বাংলাদেশে ই-কমার্স এবং এফ-কমার্স এই এখন তৈরি হয়েছে আয় রোজগারের বিশাল সম্ভাবনা।