খুলনায় ব্যবসায়ী আলতু মোল্লা হত্যা মামলার ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক বিশেষ দায়রা জজ মো. সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের আবুল কাশেম, কুববাত মুন্সী, ফারুক মোল্লা, মনজুরুল শিকদার, মো. ইরান, আবু তালেব, হুমায়ুন খাঁ, কবির মোল্লা এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার আবদুল গফফার ও খলিলুর রহমান। খালাশপ্রাপ্ত দুইজন হলেন হাবিব ও মিঠুন।
জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন জানান, ২০০৬ সালের ১৭ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার পদ্মবিলা মাঠে গলাকাটা অবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ী আলতু মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। এর এক সপ্তাহ আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি।
আরও পড়ুন : কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ
এ ঘটনায় ১৮ ডিসেম্বর নিহতের ভাতিজা আলমগীর হোসেন মোল্লা বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালের ২৬ মে ১২ জনকে অভিযুক্ত করেন আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানার এসআই ফজলুল কবীর।
তিনি জানান, প্রায় ১১ বছর মামলা চলার পর মঙ্গলবার আদালত ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় ২ জনকে খালাস দেওয়া হয়েছে।
ইত্তেফাক/কেআই
