ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ২১:০৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে কবরস্থানের চাহিদা মেটাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তৈরি করা হবে নতুন কবরস্থান। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন নবসংযুক্ত অঞ্চল ৬ থেকে ১০-এ নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং পরবর্তী কার্যক্রম নির্ধারণে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিএসসিসি সূত্রে জানা গেছে, সম্প্রতি সংস্থার সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এক দপ্তর আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন।

সচিব জানান, গঠিত কমিটিকে নতুন কবরস্থানের জন্য উপযুক্ত স্থান নির্বাচন, প্রাথমিক নকশা বা স্কেচ প্রস্তুত, জমির মালিকানা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের বিষয়ে সুপারিশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসসিসি সূত্রে আরও জানা যায়, কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থার প্রধান প্রকৌশলীকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল ৬ থেকে ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং সম্পত্তি বিভাগের কানুনগো।

নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে জনসংখ্যা বৃদ্ধির কারণে কবরস্থানের প্রয়োজনীয়তা বিবেচনায় এনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ইত্তেফাক/এসএ