দেশ ও বিদেশে পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে :ডিএসই

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:০৩

মূলধন উধাওয়ের সংবাদ সঠিক নয়

ইত্তেফাক রিপোর্ট

বিগত কিছুদিন যাবত্ বাজার কিছুটা সংশোধনের ধারা অব্যাহত থাকায় স্বল্পসংখ্যক বিনিয়োগকারী ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন| এ বিক্ষোভের ফলে দেশ ও বিদেশে আমাদের পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে উল্লেখ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারের ধর্মই হলো উত্থান ও পতন| পুঁজিবাজারের ব্যাপ্তি বেড়েছে। যে কেউ ইচ্ছে করলেই এ বাজারকে প্রভাবিত করতে পারবে সে ধারণাও সঠিক নয়| বিশ্বের অন্যান্য দেশের স্টক এক্সচেঞ্জে এর চেয়েও বেশি উত্থান-পতন হয়| সেখানে কখনো ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন অথবা বিক্ষোভ প্রদর্শন করা হয় না| এ ধরনের বিক্ষোভের ফলে নতুন বিনিয়োগকারীরা পুঁজিবাজারে আসার উত্সাহ হারিয়ে ফেলে এবং বিদেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগে অনুত্সাহিত হয়। বিনিয়োগকারীদের অত্যন্ত ধৈর্য সহকারে দেশের উদীয়মান পুঁজিবাজারকে কাজে লাগিয়ে নিজের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কোনোরূপ অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না করে একযোগে কাজ করার জন্য সবার কাছে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছে পুঁজিবাজারের মতো স্পর্শকাতর অর্থনৈতিক প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য। ডিএসই প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা মূলধন উধাও ও পাচার এ ধরনের সংবাদ পরিবেশিত হয়েছে। যা প্রকৃত অর্থে সঠিক নয়| বাজারের সিকিউরিটিজের মূল্য উঠা-নামার সঙ্গে বাজার মূলধন বাড়ে বা কমে। বাজার মূলধন কমা-বাড়ার সঙ্গে টাকা উধাও বা পাচার হওয়ার কোনো সম্পর্ক নেই| এ ধরনের নেতিবাচক প্রচারে পুঁজিবাজার সম্পর্কে দেশ-বিদেশে একধরনের বিরূপ প্রভাব পড়ে বলে উল্লেখ করেছে ডিএসই।