ডিজিটাল যুগে চলচ্চিত্র নির্মাণের তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের সমন্বয়ে মুহাম্মদ সাজ্জাদ আহসান রচিত ‘ডিজিটাল যুগে চলচ্চিত্র নির্মাণ: প্রস্তুতি পর্ব’ শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে। বইটিতে চলচ্চিত্র নির্মাণের বহুমাত্রিক বিষয়সমূহ সুসংগঠিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা নবীন ও পেশাদার নির্মাতাদের জন্য সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।
বইটিতে চলচ্চিত্র নির্মাণের তিনটি প্রধান ধাপের মধ্যে প্রাক-প্রযোজনা পর্যায়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাক-প্রযোজনার বিভিন্ন উপাদান—যেমন চিত্রনাট্য রচনা, প্রযোজনা ব্যবস্থাপনা, চলচ্চিত্রে বিনিয়োগ, কাহিনীর দৃশ্য পরিকল্পনা—নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।
বইটি সৃজনশীল পেশাজীবী ও অপেশাজীবী চলচ্চিত্র নির্মাতাদের প্রস্তুতি গ্রহণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সাহিত্যিক, গবেষক ও লেখকরাও সৃজনশীল কাজের প্রক্রিয়া সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এই গ্রন্থ থেকে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং চলচ্চিত্রপ্রেমী পাঠকদের জন্য বইটি বিশেষভাবে উপযোগী হবে। এটি চলচ্চিত্র বিষয়ে জ্ঞানচর্চা ও গবেষণায় নতুন আগ্রহ সৃষ্টি করবে বলেও আশা করা হচ্ছে।
গ্রন্থটির রচয়িতা মুহাম্মদ সাজ্জাদ আহসান একজন শিক্ষক, গবেষক ও গণমাধ্যম বিশেষজ্ঞ। ১৯৬৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি। যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া প্রযোজনায় স্নাতকোত্তর এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্রে ‘ডিজিটাল প্রযুক্তির আত্মীকরণ’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ম্যানচেস্টার ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড রিসার্চ এবং ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণায় যুক্ত ছিলেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
শিক্ষকতার পাশাপাশি তিনি টেলিভিশন, মঞ্চনাটক ও চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার ২৫টিরও বেশি গবেষণামূলক প্রকাশনা রয়েছে।
