পর্যায়ক্রমে সব বড়ো প্রকল্পে সিসি ক্যামেরা বাসানো হবে :পরিকল্পনামন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্প তৈরির আগে অবশ্যই সম্ভাব্যতা সমীক্ষা করতে হবে। সঠিক সমীক্ষা ছাড়া প্রকল্প সঠিকভাবে তৈরি করা সম্ভব নয়। প্রকল্পের বাস্তবায়ন বাড়াতে তিন মাস পর পর আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বৈদেশিক সহায়তা অংশের অর্থ ব্যয় তুলনামূলক কম হয়। বৈদেশিক সহায়তা অংশের ব্যয় বাড়ানো হবে। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এডিপি বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প একবার সংশোধন হতে পারে, কিন্তু তিনবার সংশোধন হবে কেন? এরকম হলে তা প্রধানমন্ত্রীর নজরে আনা হবে। তিনি বলেন, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব বড়ো প্রকল্পে সিসি ক্যামেরা বাসানো হবে। ইতোমধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের কিছু প্রকল্পে মনিটরিং শুরু হয়েছে। বৈঠকের বিষয়ে তিনি জানান, ‘২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত এডিপির ৯৪ দশমিক ৩৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে। তার আগে ২০১৭-১৮ অর্থবছরে বাস্তবায়িত হয়েছিল ৯৪ দশমিক ১১ শতাংশ। জাতীয় নির্বাচনকালীন বছর থাকায় তিন মাস ঠিকমতো কাজ করতে না পারলেও গত অর্থবছরে সংশোধিত এডিপি বাস্তবায়নে আমরা সন্তুষ্ট। নির্বাচন না থাকলে গত অর্থবছরে ৯৯ শতাংশ সংশোধিত এডিপি বাস্তবায়ন হতো বলে তিনি মনে করেন।
প্রকল্পের বাস্তবায়ন বাড়ানোর উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্প পরিচালকেরা যাতে প্রকল্প এলাকায় থাকেন এবং তাদের যাতে ঘন ঘন বদলি করা না হয়, সে বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়েছে। তাছাড়া মাঠপর্যায়ে চষে বেড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি আরও বৃদ্ধি করা কবে। সচিবরা নিজেরাও যাতে প্রকল্প এলাকায় যান, সেজন্য তাগিদ দেওয়া হয়েছে। ভূমি সমস্যার কারণে অনেক প্রকল্প দিনের পর দিন আটকে আছে।
