স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় বলেছেন বছর তিনেক আগেই। এবার নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম জানিয়ে দিলেন যে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার দিন ফুরিয়ে এসেছে। জানিয়েছেন, চলতি গ্লোবাল টি-টোয়েন্টি লিগ দিয়েই লম্বা ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। মনট্রিল টাইগার্সের বিপক্ষে টরেন্টো ন্যাশনালসের ম্যাচটাতেই শেষবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে ম্যাককালামকে।
ম্যাককালাম বিদায়ের ঘোষণা দিয়ে বলেন, ‘এটা আমার জন্য খুব গর্ব ও তৃপ্তির একটা মুহূর্ত। আমি সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছি। আমি ইউরো টি-টোয়েন্টি স্ল্যামে খেলবো না। আমার সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য উদ্যোক্তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
ক্যারিয়ার নিয়ে ম্যাককালামের কোনো আক্ষেপ থাকার কথা নয়। টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন ৩৭০টি ম্যাচ। করেছেন ৯৯২২ রান। টেস্ট খেলেছেন ১০১টি, ওয়ানডে ৩৬০টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তার অধিনায়কত্বেই ২০১৫ বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলে নিউজিল্যান্ড।
ম্যাককালামের তাই আর কোনো আক্ষেপ নেই। বললেন, ‘আমি ২০ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে যা অর্জন করেছি সেটা আমার স্বপ্নেও ছিল না। তবে, আমি মনে করছি এখন আমার আর ক্রিকেট খেলা উচিত না। যত দিন যাচ্ছে আমার খেলার ধরনটা নোংরা হয়ে যাচ্ছে। আমি খেলোয়াড় হিসেবে দারুণ সব স্মৃতি নিয়ে যাচ্ছি। সেসব স্মৃতি নিয়েই নতুন কোনো যাত্রা শুরু করতে চাই।’
ম্যাককালাম এবার মাঠের বাইরের জীবনে মন দেবেন। ধারাভাষ্য বা কোচিং— দুটো ব্যাপারেই আগ্রহ আছে তার। তিনি বলেন, ‘আমি ধারাভাষ্য দেওয়া চালু রাখব। কোচিংয়েও আগ্রহ আছে। আমি ক্রিকেট ছাড়ছি। সেটা নিয়ে কষ্ট তো থাকবেই। সব ভালো কিছুরই তো একটা শেষ আছে। কিন্তু আশা করি, পরের জীবনটাও মন্দ হবে না।’
