অবশেষে বিসিসিআইয়ের নির্বাচন

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:০৮

স্পোর্টস ডেস্ক

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে নির্বাচনের ডাক এসেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ায় (বিসিসিআই)। লম্বা সময় সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) নিজেদের দায়িত্ব পালনের পর অবশেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সিওএ জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর।

সিওএর বৈঠক শেষে সোমবার চেয়ারম্যান বিনোদ রাই বলেন, ‘২৬টি রাজ্যে আমরা নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিয়েছি। আমরা ৩০ জন কর্মকর্তা চাই। চারটি রাজ্য এখনো নিজেদের নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিতে পারেনি। এর অর্থ হলো নির্বাচন হবে ২৬টি রাজ্যে।’

এদিকে, ভারতের প্রধান কোচ নির্বাচনের জন্য সিওএর ছাড়পত্র পেয়েছে ভারতীয় বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। তিন সদস্যের কমিটিতে আছেন বিশ্বকাপজয়ী প্রথম ভারতীয় অধিনায়ক কপিল দেব, সাবেক ওপেনার ও কোচ অংশুমান গায়কোড় ও ভারতীয় নারী ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শান্তা রঙ্গস্বামী। তাদের কাজে কোনো স্বার্থের সংঘাত জড়িত নেই বলেই বোর্ডকে কয়েকদিন আগেই লিখিত ব্যাখ্যা দিয়েছিলেন তিনজনই। এবার সিওএও তাদের ছাড়পত্রও  দেওয়ায় নতুন কোচ বাছাইয়ের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকল না।