নোয়াখালীর চাটখিল এলাকায় বাসের সংকটের অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হিমালয় এক্সপ্রেস পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে চাটখিল কাউন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, নির্ধারিত ৫০০ টাকার ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা করে আদায় করা হচ্ছিল। যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থলেই পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এ জরিমানা আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুট পারমিট ছাড়া যানবাহন পরিচালনার কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

