দিল্লিতে ভবনে আগুন শিশুসহ নিহত ৬

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:১২

এনডিটিভি

ভারতের রাজধানী দিল্লির জাকিরনগরে একটি আবাসিক ভবনে আগুন লেগে দুই শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে চারতলা ঐ ভবনটিতে লাগা আগুনে আরো ১১ জন আহত হয়েছে।

জামিয়া মিল্লিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের কাছে ঘনবসতিপূর্ণ জাকিরনগরের ঐ ভবনটিতে স্থানীয় সময় রাত ২টার দিকে আগুন লাগে। একটি বৈদ্যুতিক সার্কিট থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ার সময় ভবনটির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। ঘুম ভেঙে আগুন দেখে কয়েকজন ওপর থেকে লাফিয়ে পড়ে আহত হন। ভবনটি থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ চালানোর সময় দুই জন দমকল কর্মীও আহত হয়েছেন। আগুনে সাতটি গাড়ি ও ১৯টি মোটরসাইকেলও পুড়ে গেছে। আহতদের মধ্যে পাঁচ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিত্সা কর্মকর্তারা।