স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে এমন বক্তব্য দেওয়া হলেও বেসরকারি মিডিয়া ও বিভিন্ন সংস্থার মাধ্যমে জানা যাচ্ছে ডেঙ্গুর ভয়াবহতার সংবাদ। ঢাকা ছাড়িয়ে প্রতিটি জেলা শহরে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। পবিত্র ঈদুল আজহা আসন্ন। এ উত্সবকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় মানুষ ফিরতে শুরু করেছে নিজ নিজ বাড়িতে। এই অবস্থায়, প্রতিটি বাস ও লঞ্চ টার্মিনালে এবং বাস-লঞ্চে মশা নিধনের ওষুধ ছিটানোর বিকল্প নেই। এর মাধ্যমে ডেঙ্গুজ্বর কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে নিঃসন্দেহে। এরই মধ্যে সরকার থেকে টার্মিনাল কর্তৃপক্ষ এবং মালিক সমিতির বরাবরে মশা নিধনের ওষুধ ছিটানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এ নির্দেশনা বাস্তবায়নে বনানীতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এবার টার্মিনাল কর্তৃপক্ষ এবং মালিক সমিতি কর্তৃক সরকারের নির্দেশনা বাস্তবায়নের পালা। মানবিক এ বিপর্যয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতাই কাম্য।
জুবায়ের আহমেদ
শিক্ষার্থী, বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম), ঢাকা
