‘ভয়টা কাকে, আমি নাকি আসিফ’

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৯:৩০

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে আবারও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের পর ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

তবে এ নিষেধাজ্ঞাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন। তিনি দাবি করেন, দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় পূর্বে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং আদালত নিষেধাজ্ঞাও তুলে নিয়েছিল।

আদালতের আদেশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মোয়াজ্জেম লেখেন, “গতকাল (২৯ মার্চ) আসিফ মাহমুদ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর পরদিনই সিআইডিকে ব্যবহার করে আমার ওপর আবার নিষেধাজ্ঞা দেওয়া হলো। ভয়টা কাকে—আমি, নাকি আসিফ?”

তিনি আরও দাবি করেন, তার দেশত্যাগের কোনো ইচ্ছা বা প্রয়োজন নেই। এ পরিস্থিতিকে ‘অত্যাচার’ হিসেবে উল্লেখ করে তিনি সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখার কথাও জানান।

এদিকে, আসিফ মাহমুদের সমর্থকদের একটি অংশের দাবি, তার সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার পরদিনই তার ঘনিষ্ঠ ব্যক্তির ওপর এমন আইনি পদক্ষেপ নেওয়ায় নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে।

তাদের প্রশ্ন, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এ পদক্ষেপ কি সত্যিই কোনো তদন্তের অংশ, নাকি এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত—তা নিয়েই এখন আলোচনা চলছে।

ইত্তেফাক/এএম