চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে মিলল আরো ৮টি

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:২৩

গ্রেফতার-৩

ইত্তেফাক রিপোর্ট

বিভিন্ন সময় চুরি করা ৯টি মোটরসাইকেলসহ চোরাইচক্রে জড়িত অভিযোগে ৩ জন গ্রেফতার হয়েছে। রাজধানীর ওয়ারী থেকে তাদেরকে গ্রেফতার করে ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মানিক, অপু মালি ও আব্দুল-হাই। গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, ঢাকা ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় গত দুই দিন বিরতিহীনভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা ওয়ারী থানা এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করত। উদ্ধার মোটরসাইকেলগুলো তারা ওয়ারী থানা এলাকাসহ আশপাশের এলাকা হতে বিভিন্ন সময় চুরি করে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ জুন ওয়ারী থানায় একটি মোটরসাইকেল চুরির মামলা করা হয়। ওই মামলার তদন্তকালে ঢাকা ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে চোরাই ৯টি মোটরসাইকেল উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হলো ওয়ারী থানা পুলিশ। অর্থাত্ এক মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল আরো ৮টি।