গণতন্ত্র না থাকায় মানুষ বড়ো অসহায় —অলি আহমদ

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:২৩

সরকারি হিসাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম দেখানো হচ্ছে :মান্না

ইত্তেফাক রিপোর্ট

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল অলি আহমদ (অব) বলেছেন- বাংলাদেশের অবস্থা এখন রাষ্ট্র আছে গণতন্ত্র নেই, আদালত আছে বিচার নেই, সংসদ থাকলেও এর সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত নন—সংসদে বিরোধী দলও নেই, দেশ স্বাধীন হলেও মানুষের স্বাধীনতা নেই। মানুষ বড়ো অসহায়, তাদের চোখে ঘুম নেই। সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভয়াবহ। আমাদের অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং মুক্তির পথ বের করতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ ব্যানারে আয়োজিত ‘দেশের সার্বিক বিরাজমান পরিস্থিতি ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারি হিসাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম করে দেখানো হচ্ছে। চিকিত্সা নিতে আসা মাত্র দুই শতাংশ রোগী সরকারি নজরদারির মধ্যে পড়েন। ৯৮ শতাংশের কোনো তথ্য থাকে না। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও সিটি করপোরেশনের দুই মেয়র বাগাড়ম্বর করেছেন। এদের (সরকার) হাতে দেশের মানুষ নিরাপদ নয়। ভয়াবহ ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের এখনই পদত্যাগ করতে হবে। বৈঠকে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সাবেক সচিব মোফাজ্জল করিম, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ড. আব্দুল লতিফ মাসুম, ড. নেয়ামুল বশির, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।