ফেনীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় আরিফ হোসেন রানা (২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে জেলা শহরের বারাহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রানা সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত নুর আলমের ছেলে। তিনি বারাহিপুরে মুদি দোকানের ব্যবসা করতেন।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানান, বারাহিপুরে আরিফ হোসেন রানার একটি মুদি দোকান রয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে তিনি কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটছিলেন। পেছন থেকে ট্রেন আসতে দেখে তাকে সরে যেতে চিৎকার দিয়ে সতর্ক করে স্থানীয়রা; কিন্তু তিনি হেডফোনের কারণে শুনতে পাননি।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেন তাকে পেছনে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেনী রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন জানান, বারাহিপুরের ৯১-৬৭ পিলারের মাঝামাঝি দুর্ঘটনাটি ঘটে। লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
