নড়াইলে প্রায় ১৯ লাখ টাকাসহ আটক মাদক ব্যবসায়ীর স্ত্রীর জেল

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:২৮

নড়াইল প্রতিনিধি   

নড়াইলে মাদক বিক্রয়ের প্রায় ১৯ লাখ টাকা, ফেন্সিডিল, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জল রায়ের স্ত্রী দিপালী রায়কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মাদক ব্যবসায়ী উজ্জল রায় পালিয়ে যায়। সোমবার রাতে পৌরসভার ভওয়াখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বিদ্যুত্ বিহারী নাথ আটক দিপালী রায়কে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেন।

নড়াইলের এনডিসি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল আমিন বলেন, মাদক ব্যবসায়ী উজ্জল রায়ের বাড়িতে অভিযান চালিয়ে ভাঙা কুঁড়েঘরে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়।

দোষ স্বীকার করায় আটক দিপালী রায়কে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া দিপালী রায়ের স্বামী উজ্জল রায়ের বাড়ি থেকে উদ্ধার করা ১৮ লাখ ৭০ হাজার ৪৩৭ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে।